স্বামী প্রবাসী হওয়ায় প্রতিনিয়ত ‘লম্পট’ শ্বশুরের লালসার শিকার হতেন পুত্রবধূ। তাকে নানাভাবে উত্ত্যক্ত ও ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
পটুয়াখালীর কলাপাড়ায় এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুড়তলী এলাকা থেকে শ্বশুর সিদ্দিক মুসল্লিকে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, অভিযুক্ত শ্বশুরকে সোমবার সকালে মামলার আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে ওই গৃহবধূর স্বামী সৌদি আরবে বসবাস করে আসছেন। স্বামী বিদেশ যাওয়ার পর থেকেই শ্বশুর তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছেন।
রোববার সকালে তার শাশুড়ি বাজারে গেলে ঘর ফাঁকা থাকা অবস্থায় শ্বশুর তাকে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শ্বশুর সিদ্দিক মুসল্লি লুঙ্গি রেখে পালিয়ে যান।
পরবর্তীতে পুলিশ খবর পেয়ে শ্বশুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।