নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দশম শ্রেণির ওই ছাত্রী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ওই স্কলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ফজলে রাব্বি রুবেল (২২) সদর উপজেলার শল্যা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ওই কিশোরীর বাবার ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী।
ওই কিশোরীর বাবা জানান, তার বড় মেয়েকে নিয়ে ঢাকায় যান স্ত্রী। তিনিও বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার বিকেলে রুবেল কৌশলে বাড়ি ঢুকে তার মেয়েকে ধর্ষণ করে। এক পর্যায়ে একই দিন রাত আটটার দিকে কীটনাশক পান করে তার মেয়ে। এ ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাতে দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম মারা যায়।
চরজব্বার থানার ওসি জিয়াউল হক জানান, মৃত ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে পুলিশ অভিযুক্ত ফজলে রাব্বিকে ধরতে অভিযান শুরু করেছে।