ভিপি নুরুল হক নুর বলেছেন, ধর্ষণ থেকে বাঁচতে মা-বোনেরা সঙ্গে ছুরি রাখুন। আজ সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ থেকে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে তার দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, শাহবাগের মূল চত্বরে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী উদ্বেগজনক ধর্ষণের প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নসহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ক্রমশই সেখানে বাড়ছে মানুষ। বেলা একটার দিকে শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ করলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
এর আগে বেলা এগারোটার দিকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শতাধিক তরুণ-তরুণীকে। পরে এক পর্যায়ে বেলা পৌনে বারোটার দিকে শাহবাগ অবরোধ শুরু করেন তারা।
অবরোধে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে। অবস্থান নিয়েছেন সাধারণ জনতাও।