নওগাঁর পত্নীতলা উপজেলার আমদাদপুর কমলাবাড়ী গ্রামে দুর্বৃত্তের ছোঁড়া আগুনে দগ্ধ হয়েছেন রিপন ও হালিমা নামে দম্পতি।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার সময় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ দুজনের অবস্থাই আশঙ্কা জনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যান। এ সময় বাড়ির পেছন থেকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল মিশ্রিত আগুন ঘরের মধ্যে ছুঁড়ে মারে। আগুন মুহূর্তের মধ্যেই ঘরে ছড়িয়ে পড়ে।
শরীরে আগুন ধরলে স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
চিকিৎসকরা অগ্নিদগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, অগ্নি দগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৭০ থেকে ৮০ ভাগ ঝলসে গেছে।
পত্নীতলা থানার ওসি শামসুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।