ফরিদপুরের নগরকান্দায় বাসচাপায় মো. জাহিদ মোল্যা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের তালমা মোড় এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ মাদারীপুরের শিবচর উপজেলার হাজীপুর গ্রামের আশরাফ মোল্যার ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সুত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে মাহেন্দ্র গাড়িতে ফরিদপুর শহরে যাচ্ছিলেন জাহিদ। তালমার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মাহেন্দ্রটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’