নরসিংদীতে জবা টেক্সটাইল নামে একটি কারখানার তুলার গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মিল কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর শহরের ব্রাক্ষন্দি এলাকায় এই ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর দুই ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার ডিজিএম মাহামুদ হোসেন জানান, মিলের প্রায় সবাই নামাজ আদায় করছিল। বেলা দেড়টার দিকে হঠাৎ কিছু শ্রমিক আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। তখন মসজিদ থেকে গিয়ে দেখি তুলার গোডাউনে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী দুটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
নরসিংদী ফায়ার স্টেশনের ইনচার্জ মোস্তাফিজ জানিয়েছেন, তুলার গোডাউন হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পানির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছিল।