নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে মেঘনার শাখা নদীতে ডুবে দুই শিশুর সলিল সমাধি হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার চরঞ্চল আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে তাবাসসুম আক্তার (৭) ও একই গ্রামের তোফাজ্জল শিকদারের মেয়ে শিউলি আক্তার (৮)। নিহতরা দুই শিশু চাচাতো বোন। আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিকেলে দুই বোন বাড়ির অদূরে মেঘনার নদীর শাখা নদীতে গোসল করতে যায়। এসময় তারা গোসল ও পানিতে খেলা করছিল। এরই মধ্যে তাবাসসুম আক্তার নদীতে তলীয় যায়। পরে তাকে খুজতে থাকে শিউলি। পরে দুই শিশুই নদীতে তলীয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু জানান, পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনাটি নরসিংদী মডেল থানাকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, আমার ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বিবেচনায় ব্যাবস্থা নেওয়া হবে।