নাটোরের লালপুরের লাইসেন্সবিহীন একটি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড এবং মোস্তাফিজুর রহমান নামে একজন ভুয়া ডাক্তারকে দুই লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড এবং সেই সঙ্গে আলমগীর কবির নামে ডায়াগনস্টিক সেন্টারের একজনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার গোসাইপুর এলাকায় স্থাপিত ওয়ান ল্যাব নামে ডায়াগনস্টিক সেন্টারটিকে দুই লাখ ত্রিশ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ র্যাব।
র্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার ‘ওয়ান ল্যাব’ এবং কোন ডিগ্রী না থাকা সত্তেও চেম্বার স্থাপন করে নিজেকে ডাক্তার পরিচয়ে বেআইনি ভাবে সেবাগ্রহীতার জীবনের নিরাপত্তা বিপন্ন করার অপরাধে কামারহাটি গ্ৰামের মৃত তাছেন উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান এবং বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে আলমগীর কবিরকে আটক করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার মোস্তাফিজুর রহমানকে দুই লক্ষ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড এবং আলমগীর কবিরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুরুজ্জামান শামীম।