ময়মনসিংহ; পাঁচটি বিয়ে করেছেন এমন সন্দেহে ময়মনসিংহের নান্দাইলে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন স্ত্রী। ২৪ জানুয়ারি রোববার সকালে নান্দাইলের কাকচর মহল্লায় ঘটনাটি ঘটলেও জানাজানি হয়েছে মঙ্গলবার।
আহত সাদ্দাম কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, প্রায় এক বছর ধরে পৌরসভার কাকচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন সাদ্দাম হোসেনের স্ত্রী। কয়েকমাস পর পর ঢাকা থেকে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন সাদ্দাম হোসেন।
এরই মধ্যে প্রায় তিন মাস পার হলেও স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন না সাদ্দাম হোসেন। খোঁজ নিয়ে তার স্ত্রী জানতে পারেন, স্বামী গাজীপুর ও শ্রীপুরে দুই নারীর সঙ্গে বসবাস করছেন। এছাড়া স্বামীর নিজের এলাকা ভৈরবে রয়েছে আরও দুই স্ত্রী।
গত চারদিন আগে তিনি স্ত্রীর কাছে আসেন। এক পর্যায়ে রোববার সকালে কেনো এতগুলো বিয়ে করেছেন জানতে চান সাদ্দামের স্ত্রী। এ বিষয়ে সাদ্দাম হোসেন অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। তখন লজ্জায় চিৎকার না দিলেও নিজেকে রক্ষা করতে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
নাম প্রকাশ না করার শর্তে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, গত রোববার ওই ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। পরে চিকিৎসকরা তার বিশেষাঙ্গে সাতটি সেলাই দিয়ে ভর্তি হতে বলেন। কিন্তু তিনি ভর্তি না হয়ে চলে যান। এরপর কী হয়েছে তা আর জানা নেই।
মঙ্গলবার রাতে এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনা সাংবাদিকদের কাছে আজই শুনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হবে।