নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে বখাটের ভগ্নিপতি। ঝলসে যাওয়া ওই বাবাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে উত্ত্যক্তকারী বখাটের কাইয়ুমের বড় বোনের স্বামী মো. জয়নালের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ঘটনায় রোববার দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আহত মনির হোসেন।
মনির হোসেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিভিটা এলাকার বাসিন্দা ও আলো পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি।
জানা গেছে, মনির হোসেনের কলেজপড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তার সানিয়াকে দীর্ঘদিন ধরে কলেজে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করার পাশাপাশি কুপ্রস্তাব দিচ্ছিল একই এলাকার মো. হাবিবুল্লাহর ছেলে কাইয়ুম। মনির হোসেন জানতে পেরে বিষয়টি কাইয়ুমের ভগ্নিপতি জয়নালের কাছে বিচার দাবি করেন। ওই সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নাল ক্ষিপ্ত হয়ে সিদ্ধ ডিম বিক্রির দোকানের ফুটন্ত গরম পানির পাতিল ঢেলে দেয় মনির হোসেনের গায়ে। এতে সাংবাদিক মনিরের দুই হাত, পেট, উরুসহ শরীরের নিচের অংশ ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত সাংবাদিক মনির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল জয়নালের শ্যালক কাইয়ুম। এ বিষয়ে তার কাছে বিচার দাবি করলে সে ক্ষিপ্ত হয়ে আমার ওপর গরম পানি ঢেলে দেয়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, আহত সাংবাদিক মনির হোসেন দুইজনের নামোল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।