মাগুরার শালিখায় চিকিৎসকের পরিবর্তে নার্সের ভুল অস্ত্রোপচারে ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী নির্জলা (১৩) হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও গ্রামবাসী।
বুধবার (৮ জুন) বেলা ১১টায় শালিখা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে নির্জলার সহপাঠীসহ প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, সাংবাদিক নওয়াব আলী, শহীদুজ্জামান চাঁদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।
মানববন্ধনে বক্তারা, নির্জলা হত্যার সঙ্গে সম্পৃক্ত সব আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি ঘটনার মূল আসামি গ্রেপ্তারের তিনদিনের মধ্যে জামিন পাওয়ায় হতাশা ব্যক্ত করেন।
নিহত নির্জলার বাবা নাজমুল মোল্লা বলেন, ‘আমার মেয়েকে আড়পাড়া আল-হেরা প্রাইভেট হাসপাতালের পরিচালক বাচ্চু ও তার সহযোগীরা হত্যা করেছে। এ ঘটনার জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে খুনিরা আর যেন কোনো বাবা-মায়ের কোল খালি না করতে না পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।’
প্রসঙ্গত, ৪ জুন শনিবার পেটে ব্যথা নিয়ে নির্জলাকে তার পরিবারের সদস্যরা শালিখা উপজেলা সদরের আড়পাড়ায় সিলগালা করে দেয়া আল হেরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখানে ৫ জুন সকালে অস্ত্রোপচারে এপেন্ডিসাইটিস অপসারণ করেন চিকিৎসকের পরিবর্তে নার্স করিমুন্নেছা। এর কিছুক্ষণ পরই মেয়েটি প্রচণ্ড অসুস্থ হয়ে পরে। দ্রুত তাকে যশোরের একটি হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
মাগুরার সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, শালিখা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাক্তার আবজাল হোসেন ও শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নার্স করিমুন্নেছাকে গ্রেপ্তার করে। এদিকে এ ঘটনায় তিনদিনের মধ্যে গ্রেপ্তার প্রধান আসামি কারিমুন্নেছা জামিন পাওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।