মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: নিজের সন্তানের জানাজা নামাজ পড়ালেন পিতা। পিতার সামনে সন্তানের লাশ পৃথিবীতে এটিই মনে হয় সবচেয়ে কষ্টদায়ক বিষয়। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা মরহুম শফিকুল ইসলাম শফিকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল দুপুরে মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন তার পিতা মাওলানা ইসমাইল হোসেন। তার জানাজায় উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা কর্মী এবং জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্ম জীবনে শফিকুল ইসলাম ১ম শ্রেণীর একজন ঠিকাদার ছিলেন। তিনি শিক্ষা ভবন, সড়ক ভবন, মৎস্য ভবন, বিদ্যুৎ ভবন ও ঢাকা সিটি করপোরেশনে ঠিকাদারি করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে, পিতা-মাতা, আত্মীয় স্বজনসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।