আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। মঙ্গলবার (১১ মে) আবারও একাধিকবার আক্রমণ চালিয়েছে ইসরাইল। এতে নিরস্ত্র ফিলিস্তিনি অনেকে আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িঘর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর চলমান আগ্রাসন বন্ধে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লিভারপুলের ফুটবলার মোহাম্মদ সালাহ। টুইটারে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে মেনশন করে পোস্ট করেছেন মিশরীয় ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে গেল চার বছর ধরে যেই দেশটিতে আমি বাস করছি সেই দেশের প্রধানমন্ত্রীকে। ক্ষমতায় থাকার জন্য নিরপরাধ মানুষ হত্যা করা হচ্ছে। অবিলম্বে তাদের থামাতে হবে। যথেষ্ট হয়েছে।’
চলমান মৌসুমটা ভালো যায়নি সালাহর লিভারপুলের। প্রিমিয়ার লিগে তিন ম্যাচ বাকি রয়েছে অলরেডদের। বর্তমানে তাদের অবস্থান সাত নম্বরে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।