নীলফামারীতে আব্দুল হালিম (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীড় ব্রিজসংলগ্ন সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের নতিব চাপড়া গ্রামের মৃত. আফসার আলীর ছেলে।
সরমজানী ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান জানান, গতকাল রোববার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান হালিম। রাতে বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে সোমবার সকালে ব্রিজসংলগ্ন রাস্তায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তার মরদেহ শনাক্ত করেন।
তিনি বলেন, অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করে হত্যা করা হয় তাকে।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, তার শরীরে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।