দারুণ ছন্দে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
তার নৈপুণ্যে একের পর এক জয় তুলে নিচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
শনিবার রাতেও জ্বলে উঠলেন এমবাপ্পে। লালকার্ডের নিষেধাজ্ঞায় এই ম্যাচে ছিলেন না দলের সেরা তারকা নেইমার। কিন্তু নেইমারের অভাব বুঝতে দেননি এমবাপ্পে।
নিজেও গোল করলেন ও করালেন। ফরাসি ফরোয়ার্ডের নৈপুণ্যে স্ত্রাসবুরকে এক রকম উড়িয়ে দিল পিএসজি।
প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ওয়ানে ৪-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এক হালি গোলের মধ্যে একটি করে গোল করেছেন এমবাপ্পে, পাবলো সারাবিয়া, মোইজে কিন ও লেয়ান্দ্রো পারেদেস।
ম্যাচের ১৬তম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। লেয়ান্দ্রো পারেদেসের পাসে ডি-বক্সে জায়গা বানিয়ে কাছ থেকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরাসি ফরোয়ার্ড।
এ নিয়ে চলতি মৌসুমে লিগ ওয়ানের এমবাপ্পের গোল হলো ২৭ ম্যাচে ২১টি। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সারাবিয়া। দানিলোর পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
বিরতির ঠিক আগে এমবাপ্পে এসিস্টে ডি-বক্সে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন।
৩-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে কেইলর নাভাসের বদলি হিসেবে স্প্যানিশ গোলরক্ষক সের্হিও রিকোকে মাঠে নামান কোচ মাওরিসিও পচেত্তিনো।
৬৩তম মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে বল পিএসজির জালে পাঠিয়ে ব্যবধান কমান দিওন মোইজে সাহি।
৩-১ স্কোরলাইনে চলে ১৫ মিনিট। ৭৯তম মিনিটে আবার ব্যবধান বাড়িয়ে নেয় পিএসজি। ফ্রি কিকে গোলটি করেন হালি পূরণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস।
রেফারির শেষ বাঁশিতে ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এ ফলাফলের পর ৩২ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি।
৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিল। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে তিনে মোনাকো।
৩২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে স্ত্রাসবুর।