বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাত ১০টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে সরাসরি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জেয়ারত করতে যান তিনি।
বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলসহ অনেকেই।
শনিবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।
#ঢাকাটাইমস