চলতি মৌসুমে নেত্রকোণার মদন উপজেলায় মাঠে মাঠে শোভা পাচ্ছে আমন ধান। কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। এবার ধানের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো। এতে খুশি কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল নয় হাজার ৮০০ হেক্টর জমিতে। তবে আমন চাষ করা হয়েছে ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে। শতকর ৩৫ ভাগ জমির ধান কাটা হয়েছে। আমন ধানের ফলন হয়েছে হেক্টর প্রতি সাড়ে পাঁচ মেট্রিক টন। চলতি মৌসুমে কৃষি বিভাগ তৎপর থাকায় রোগবালাই নেই বললেই চলে। গত মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৭০০ হেক্টর।
উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, দিগন্ত জোড়া ফসলের মাঠ। হেমন্তের মিষ্টি বাতাসে দোল খাচ্ছে আমনের সোনালি শীষ। ধান কাটায় ব্যস্ত কৃষক। কেউ আঁটি বাঁধছেন, এবার কেউ গাড়িতে করে ধান নিয়ে যাচ্ছেন বাড়িতে।
মদনের কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের কৃষক শফিকুল ইসলাম, সাইকুল ইসলাম, শিবাশ্রম গ্রামের কৃষক খায়রুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। এবার বৃষ্টি না থাকায় আমন চাষে খরচ কিছুটা বেড়েছে। তবে ধানের বাজার ভালো থাকায় লাভবান হতে পারব।
উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল জব্বার, ইঞ্জিল খান, হামিদ চৌধুরী, আলী বলেন, এবার ধানে পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় স্প্রে কম করতে হয়েছে। ধানের ফলনও হয়েছে ভালো। আমরা প্রতি বছর আমন মৌসুমে ব্রি-২২, ৩২, ৩৯ ধান বেশি চাষ করি। এবছরও এসব জাতের ধান চাষ করে কাটা প্রতি তিন থেকে চার মণ ধান বেশি পেয়েছি। এছাড়া কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে সহজে ধান কাটতে পারছি।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ বছর আমন মৌসুমের শুরুতে বৃষ্টি কম ছিল। এতে কৃষকের সাময়িক সমস্যা হয়েছিল। তারপরও আমন ধানের ভালো ফলন হয়েছে। ধানের বর্তমান বাজার দরও ভালো। কৃষকরা সহজেই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে অল্প খরচে ধান কাটতে পারছেন। এতে কৃষকরা উৎসব মুখর পরিবেশে ধান কাটছেন।