নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী মধ্যবাজারে অগ্নিকাণ্ড ২৪টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য বাজারের আকবরের কসমেটিকস দোকান থেকে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। এসময় বাজারে উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন দ্রত চারপাশে ছড়িয়ে অন্তত ২৪টি দোকান পুড়ে যায়। ব্যবসায়ীরা দাবি করেন, এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। কয়েকটি দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করলেও বেশির ভাগই পুড়ে গেছে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহা ইমরান বলেন, ‘চৌমুহনী ও মাইজদী স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তের পর জানা যাবে।’