নোয়াখালীর সদর উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ বিকেল ৪টায় জেলা করোনা কমিটির সভা শেষে এই সিন্ধান্ত নেওয়া হয়।
এলাকাগুলো হলো, নোয়াখালী পৌরসভার সব কয়টি ওয়ার্ড। ইউনিয়ন গুলো হলো, ৩নম্বর নোয়ান্নই, ৪নম্বর কাদির হানিফ, ৫নম্বর বিনোদপুর, ৬নম্বর নোয়াখালী, ১০নম্বর অশ্বদিয়া ও ১১নম্বর নেয়াজপুর।
আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা.ইফতেখার হোসেন। তিনি আরো জানান, আজ বিকেল ৪টায় জেলা করোনা কমিটির সভা শেষে এই সিন্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে লকডাউন ঘোষণা করেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান। সিন্ধান্ত অনুযায়ী আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন থাকবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়্যালে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন প্রমূখ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নের প্রবেশ পথে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। করোনা ভাইরাস যাতে বিস্তার না করে সেই জন্য কাউকে প্রবেশ বা বের হতে নিষেধ করে মাইকিং করা হবে।
জেলার সদর উপজেলায় করোনায় আক্রান্তের হার সব চেয়ে বেশি। এই উপজেলা করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার ১৪০ জন। বর্তমান পরিস্থিতিতে শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।