নড়াইলের লোহাগড়ায় জাহাজ থেকে বালি নামানোর কাজে নিয়োজিত এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অপর দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। নিহত শ্রমিক আজমল ফারাজি (৪৭) কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের মোজাফফার ফারাজির ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজমল ফারাজিসহ ওই এলাকার ১০-১২ জন শ্রমিক লোহাগড়ার নবগঙ্গা নদীর কাশিপুর এলাকায় একটি বালির চাতালে জাহাজ থেকে বালি নামানোর কাজ করছিল। গত মঙ্গলবার রাতে আজমল ফারাজির সাথে একই জাহাজে থাকা শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আজমলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান,নিহতের মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জাহাজের শ্রমিক কালিয়ার বিষ্ণুপুর গ্রামের মিল্টন শেখ ও দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।