পঞ্চগড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মিঠাপুরের বোর্ডবাজার এলাকার বাংলাবান্ধা-ঢাকা জাতীয় মহসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা শহরের মিঠাপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমির উদ্দিন এবং তার ছেলে রেজাউল করিম। রেজাউল ওষুধের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মিঠাপুর থেকে বাবা সমির উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে করে দেবনগর এলাকায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রেজাউল। বোর্ডবাজার এলাকায় পৌঁছার পর তেঁতুলিয়া থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
ভজনপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে। তবে পিকআপের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।