পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ জুন) দিবাগত রাত ২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আবু জাফর রজপাড়া গ্রামের মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া দলিল লেখক ও মানবাধিকার কর্মী ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার পর জাফরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর মধ্যরাতে নিজ বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আবু জাফরের স্ত্রী জিনিয়া আক্তার জানান, সন্ধ্যায় জমিজমা নিয়ে ভাইয়ের সঙ্গে তার ঝগড়া হয়। বিষয়টি থানায় অবহিত করার জন্য তিনি বাসা থেকে বের যান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে কে হত্যা করেছে জানতে চাইলে কোনও মন্তব্য করেননি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।