পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী হাওলাদার (৬০) নিহত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকালে নিজ বাসার সামনের সড়কে বের হওয়ার পর দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় তার মৃত্যু হয়।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আফরোজা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমির আলী হাওলাদারের লাশ অ্যাম্বুলেন্সযোগে বাড়িতে নিয়ে আসা হচ্ছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, লিখিত অভিযোগ পেলে ঘাতক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।আওয়ামী
লীগ নেতা আমীর আলীর মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি সহ দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।