বৃহস্পতিবার (২ জুন) রাত পৌনে ১টায় মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ির এনায়েত উল্লাহ গাজীর একমাত্র ছেলে সামাদ গাজী (২১), পল্লী বিদ্যুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ (২২) ও একই এলাকার জিহাদ (২৩), বিক্রমপুরের সিএনজি চালক তমাল (১৮), নাহিদ হোসেন ফাহিম (২১) ও জনি মিয়া (২৮)।
শুক্রবার (৩ জুন) দুপুরে চাঁদপুরের নিহতদের মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়স্বজনদের কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে। এমন মৃত্যু দেখে হতভম্ব পুরো এলাকাবাসী।
সামাদের চাচাতো ভাই রুবেল বলেন, পদ্মা সেতু দেখতে রাতে সিএনজিযোগে ৪ বন্ধু যাচ্ছিলেন। মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ও এক যাত্রীসহ ৪ বন্ধু ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে।
চার বন্ধুই ঢাকার ইসলামপুরে পাইকারি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন বলে জানান তিনি।
এ বিষয়ে হাইওয়ে নারায়ণগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, ঘাতক পিকআপ আটক করলেও ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।