মুন্সীগঞ্জ সদর পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব শিল মন্দি এলাকায় চার সন্তানের জনক আরাফাত মোল্লাকে পরকীয়ার জেরে গলা কেটে হত্যা করে রান্না ঘরে পুঁতে রাখেন তার স্ত্রী আকলিমা বেগম।
শুক্রবার (১৬ জুলাই) আকলিমা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে পুলিশের কাছে বিবৃতি দিলে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘর খুঁড়ে দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত মে মাসের ২ তারিখ নিখোঁজ হন আরাফাত মোল্লা। ১৩ দিন পর ১৫ মে আরাফাত নিখোঁজ হয়েছে মর্মে মুন্সীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন এবং ৩০ মে এই ঘটনায় একটি অপহরণ মামলা করেন আকলিমা।
পরে আকলিমার গতিবিধিতে সন্দেহ হলে আরাফাতের ভাতিজা শিল্পু মোল্লা পুলিশে অভিযোগ করেন। পরে পুলিশের কাছে ঘটনা স্বীকার করে নেয় আকলিমা।
তিনি জানান, তার স্বামী অন্য একটি মহিলার সাথে পরকীয়ার সম্পর্ক ছিলো জানতে পেরে তিনি তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করেন। পরে লাশ পুতে রাখেন ঘরের মেঝেতে।
এ বিষয়ে সদর থানার ওসি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন আকলিমা। তার দেয়া তথ্য অনুসারে মরদেহ উদ্ধার করে পুলিশ। আকলিমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।