ভারতে পাচারকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় সাইকেলের সিটের নিচ থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
আটক ইয়ানুর বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এসব সোনা জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। তারা এক সাইকেল আরোহীকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে ওই সাইকেলে তল্লাশি করে সিটের মধ্যে লুকানো ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দ স্বর্ণের মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।
আটক ইয়ানুরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।