শ্রমিক মারধরের প্রতিবাদে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক।
শ্রমিকদের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
পাবনা জেলা মটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ধর্মঘট চলাকালে পাবনা থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের সকল রুটে সব ধরনের পরিবহণ চলাচল বন্ধ থাকবে।’
তিনি আরও জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক ব্যবহার পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু, মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের তুচ্ছ ঘটনার জেরে মারধর করে। গত ২৪ ডিসেম্বর একইভাবে পাবনা এক্সপ্রেসের দুই শ্রমিককে মারধর করে।’
গত ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেন পাবনার পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়, এর মধ্যে সমাধান না হলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে। কিন্তু এখন পর্যন্ত সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান হাবিবুর রহমান হাবিব।