পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক সাংসদের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
পাবনা প্রেসক্লাবের পূর্বঘোষিত তিনদিনের কর্মসূচির প্রথমদিনে রোববার (৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে একটি প্রতিবাদ মৌন মিছিল বের করেন গণমাধ্যমকর্মীরা। মৌন মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এরপর মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী বরাবর লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, তিনি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিবেন।
এর আগে শনিবার সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। সেখানে মামলা প্রত্যাহারে তিনদিনের আল্টিমেটাম দেয়া হয়।
উল্লেখ্য, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন পাবনা-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু।