ঈশ্বরদীর পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মিলের প্রধান রাস্তার সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করেছেন আখচাষী ও শ্রমিক কর্মচারীরা।
সোমবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে শ্রমিক-কর্মচারীরা শুয়ে-বসে বিক্ষোভ ও সমাবেশ করেন।
এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান সনদ সাহার কুশপুত্তলিকা পোড়ানো হয়। পরে ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। দুপুর পর্যন্ত এ অবরোধ চলে।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- পাবনা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন, শ্রমিক নেতা জাহিদুর রহমান জাহিদ, মিলের কর্মচারী আব্দুস সালাম সরকার, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী ডিলু প্রমুখ।
সমাবেশ থেকে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মচারীদের ৬ মাসের বকেয়া বেতন দেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। কৃষকবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেন, মিলটি যেন পুনরায় সচল করা হয়। অবিলম্বে পাবনা চিনিকলটি চালু করা না হলে যতদিন মিল চালু না হয় দুই ঘণ্টা সব শ্রমিক-কর্মচারী কর্মবিরতি দিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন।
বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা শিল্পমন্ত্রী ও চিনি শিল্পের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।