কদিন আগেও নেইমারকে প্যারিস থেকে তাড়াতে ব্রাজিল তারকার বাড়ির সামনে স্লোগান দিয়েছে পিএসজি সমর্থকরা। তবে সেই চিত্রটা এখন পুরোপুরি বদলে গেছে। গালতিয়েরের জায়গায় লুইস এনরিকে কোচ হওয়ার পর থেকে নেইমার হয়েছেন ভারমুক্ত। নেইমারকে দল থেকে ছাঁটাই করার কোনো পরিকল্পনা নেই তার। বরং মেসির চলে যাওয়া ও এমবাপে চলে যাওয়ার পথে থাকায় পিএসজিতে কদর বেড়েছে নেইমারের। ব্রাজিল তারকা ফিরে পেতে শুরু করেছেন পিএসজির পুরোনো সেই সিংহাসন।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে বার্সা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। দলবদলের বাজারে আজও যা রেকর্ড। সেই নেইমার প্যারিসে গিয়ে শুরুটাও পেয়েছিলেন। ২০১৯-২০ মৌসুমে দলকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি। এরপর দলে মেসিকে যুক্ত করা হলেও সাফল্যের গল্প লেখা হয়নি দলটির। তাই প্রশ্ন উঠেছিল দলে এত এত তারকার ভূমিকা নিয়ে।
তবে এসব পেছনে ফেলে নতুন করে ভাবছে পিএসজি। যেখানে দলের প্রধান ভূমিকায় থাকবেন নেইমার। কেননা, এমবাপের আর মন নেই প্যারিসে। কাজেই তাকে নিয়ে ভেবে লাভও নেই। অন্যদিকে নেইমার থাকতে চান প্যারিসেই। তাই তার কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। সেই কাজটিই করার চেষ্টা চালাচ্ছেন এনরিকে। নেইমার নিজেও চোট সারিয়ে প্রস্তুতি নিচ্ছেন মাঠে নামার।