সিরাজগঞ্জ জেলা পুলিশের সিল ও স্বাক্ষর জাল করে গ্যাস উত্তোলনের অভিযোগে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাদিকুল ইসলাম, আব্দুল্লাহ ও সিএনজিচালক স্বপন শেখ।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার।
তিনি জানান, গ্রেফতারকৃত আব্দুল্লাহ, স্বপন ও সাদিকুল সিরাজগঞ্জ জেলা পুলিশের মটরযান শাখার ওসির সিল ও স্বাক্ষর জাল করে এক মাস ধরে সদর উপজেলার শিয়ালকোল এলাকার অ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশন থেকে ৩০০ টাকার জাল স্লিপে গ্যাস উত্তোলন করছিল। ওই স্লিপের বিপরীতে সরবরাহকৃত গ্যাসের মূল্য পরিশোধ করতে হতো সিরাজগঞ্জ জেলা পুলিশের মটরযান শাখাকে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, চলতি মাসে সিএনজি গ্যাসের স্লিপ যাচাই-বাছাইকালে ৫১টি গ্যাসের স্লিপে অসঙ্গতি ধরা পড়ে। এরপর পুলিশের পক্ষ থেকে অ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনে যোগাযোগ করা হলে সেখানে ওই ৫১টি স্লিপ জাল বলে প্রমাণিত হয়। ওই সময় জাল স্লিপসহ সিএনজিচালক আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যে আরেক সিএনজিচালক স্বপন ও শিয়ালকোল বাজারের প্রত্যাশা কম্পিউটারের মালিক সাদিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। সাদিকুলের দোকান থেকে একটি ল্যাপটপ ও স্ক্যান করা জাল গ্যাস স্লিপ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।