বরিশালে পুলিশি নির্যাতনে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজাকে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে পিবিআই’র একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেল ৩টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান এ আদেশ দেন।
এদিকে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
মো. রেজাউল করিম রেজার বাবা মো. ইউনুছ মুন্সি বাদী হয়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগে এ মামলা দয়ের করেন। মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিনসহ অজ্ঞতপরিচয়ের ২ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মহসিন মন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মেট্রেপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, প্রশাসনিক কারণে উপপরিদর্শক মহিউদ্দিনকে মহানগর গোয়েন্দা পুলিশ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজাকে নগরীর হামিদ খান সড়ক থেকে ধরে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন। ৩০ ডিসেম্বর তাকে একটি মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১ জানুযারি রাত সাড়ে ৯টায় সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। ২ জনুয়ারি দিনগত রাত ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।