নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোয় পৌর আওয়ামী লীগ সহসভাপতি মো. সাহেব আলীকে বহিষ্কার করা হয়েছে।
দলের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত বুধবার তাকে বহিষ্কার করা হয়।
ওই দিন সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক জরুরি বৈঠক হয়। সেখানে পৌর আওয়ামী লীগের এক নম্বর সহসভাপতি ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ থেকে সাহেব আলীকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস শুকুর, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. শরিফুল ইসলাম পিয়াস ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বৈঠকে সাহেব আলীকে নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা না করতেও দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।
পর দিন বৃহস্পতিবার বিকালে পৌর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাহেব আলীর বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আসন্ন ১৬ জানুয়ারি নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন সাহেব আলী। জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করে।
কিন্তু সেই অনুরোধ রক্ষা না করে তিনি গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনেও তা প্রত্যাহার করেননি। এতে তিনি দলের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ১৭(চ) ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
নলডাঙ্গা পৌর আওয়ামী লীগ সভাপতি মো. শরিফুল ইসলাম পিয়াস জানান, বহিষ্কারের রেজুলেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। বহিষ্কারাদেশ পত্রটি সাহেব আলীকেও দেয়া হয়েছে।
এ ব্যাপারে নাটোর জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক আকরামুল ইসলাম বহিষ্কারাদেশের পত্রপ্রাপ্তির সত্যতা স্বীকার করলেও সাহেব আলী এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
তবে আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন সাহেব আলী। নির্বাচন সঠিক ও নিরপেক্ষ হলে বিপুল ভোটে তিনি নির্বাচিত হবেন বলেও আশা প্রকাশ করেন।