দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সাতপাকে বাঁধা পড়েছেন এ তারকা জুটি। মুম্বাইয়ের বান্দ্রার বাস্তুতে এবার শুরু হবে নতুন সংসার। নতুন জীবনে পা রাখার পরেই প্রকাশ্যে ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক-নায়িকার প্রথম বিবাহিত ছবি।
আলিয়ার ইনস্টাগ্রামে তাদের বিয়ের ছবি শেয়ার করেছে। নতুন দম্পতির পাঁচটি ছবি দেখে আহ্লাদে আটখানা ভক্তরাও।
বাঙালি ফ্যাশন ডিজাইনার সাব্যসাচীর পোশাকে বর-বধূ সেজেছিলেন। গোলাপি আর সাদা রঙের শেরওয়ানি এবং লেহেঙ্গায় সেজেছেন তারা। আলিয়ার চুল খোলা। পাগড়ি মাথায় রণবীর। একেবারে সাধারণ সাজে অসাধারণ লেগেছে তাদের।
আলিয়ার চোখে মুখে আনন্দের ছাপ ছিল বিদ্যমান। রণবীর কাপুরও বেশ খুশি। এরই মধ্যে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। তবে বিয়ে শেষে সাংবাদিকদের সামনে হাজির হন আলিয়া-রণবীর। সেখানে দেখা যায় সাংবাদিকদের সঙ্গে আলাপের শেষে আলিয়াকে কোলে তুলে বাড়ির ভেতরে চলে যান রণবীর। এই ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল।
ভাট ও কাপুর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে ৫০ জন অতিথির উপস্থিতিতে বিয়ে হয়েছে রালিয়ার। তাদের সাতপাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চারজন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই নামে সামনে শপথ গ্রহণ করেছেন বর-কনে।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠান পুরোপুরি শেষ হলে নবদম্পতি যাবেন সিদ্ধিবিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে। এরই মধ্যে নীতু কাপুর সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিয়ের যাবতীয় অনুষ্ঠানের প্রস্তুতি সারা হয়েছে মাত্র ১০ দিনে!