জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি নিতে আসা এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুর দেড়টার দিকে ওই প্রতারক যুবক আটক করা হয়।
আটক ইমরান হোসেন তালা উপজেলার মহান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জাল স্বাক্ষর করা সুপারিশ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন প্রতারক ইমরান হোসেন। সে সময় তাকে দেখে সন্দেহ হলে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তাৎক্ষণিক জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলেন। এরপর প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জাল স্বাক্ষর করা সুপারিশ নিয়ে তার কাছে আসেন প্রতারক ইমরান হোসেন। সন্দেহ হলে তাকে আটক করা হয়। প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।