প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল সকাল ১১ টায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। তবে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে করলেও এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। অবরোধ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দও।
অবরোধ চলাকালে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভ সমাবেশে তানভীর মাহতাব নামে এক শিক্ষার্থী বলেন, প্রথম আলো বারবার এ ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে। এভাবে চলতে থাকলে সংবাদপত্রের ওপর মানুষের আস্থা হারিয়ে যাবে। আমরা প্রথম আলোর এই মিথ্যা সংবাদের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমরা প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
শাহরিয়ার শহীদ শুভ নামে এক শিক্ষার্থী বলেন, প্রথম আলো পাবলিক সেন্টিমেন্টকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে গুজব ছড়িয়ে দিচ্ছে। আমাদের দাবি প্রথম আলোর লাইসেন্স বাতিল ও সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। এদিকে, একই স্থানে প্রথম আলোর সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় আরেকদল শিক্ষার্থী। এ সময় তারা শাম্সকে মুক্তি না দিলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।