প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এই মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ৫৭ রান দরকার টাইগারদের ওয়নাডে অধিনায়কের।
শুক্রবার (৫ আগস্ট) থেকে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে ৫৭ রান করতে পারলেই, বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রান পূর্ণ হবে তামিমের।
আজ হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। আজই টাইগার কাপ্তানের এই মাইলফলক স্পর্শের সুযোগ রয়েছে।
বর্তমানে ২২৮ ম্যাচে ২২৬ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ-সেঞ্চুরিতে ৭৯৪৩ রান করেছেন তামিম। ব্যাটিং গড়- ৩৬.৯৪।
২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬৬৯৭ রান করেছেন তিনি।