শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার (২৯ এপ্রিল) ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, সেটার ব্যাপারে গবেষণা চলছে। এরপরেই সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে দেশকে ভালোবাসার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট ওই কলেজটি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে।