গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম খলিল (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের চালক মো. জামাল হোসেন (২৮)।
গতকাল সোমবার (২৬ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল সাতক্ষীরা জেলার সদর উপজেলার পায়রাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। ওই প্রাইভেট কারের যাত্রী ছিলেন তিনি।
ভাঙ্গা হাইওয়ে থানার ঘোনাপাড়া ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি ভাড়া করা প্রাইভেট কারে করে ফরিদপুর থেকে গোপালগঞ্জের দিকে আসছিলেন নিহত ইব্রাহিম খলিল। প্রাইভেট কারটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে প্রাইভেট কারের যাত্রী ইব্রাহিম খলিল ও চালক মো. জামাল হোসেন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় সেখানে কর্তব্যরত টিকিৎসক ইব্রাহিম খলিলকে মৃত ঘোষণা করেন।
এসআই মনির জানান, আহত চালক মো. জামাল হোসেনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর ইব্রাহিম খলিলের লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।