প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রবিবার (৫ জুন) দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেমন অনেক বেড়েছে, অপরদিকে সংসারের দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এমতাবস্থায় আবাসিক গ্যাসের মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে আরও দুর্বিসহ করে তুলবে। এর প্রভাবে বাসাভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। শ্রমজীবী-খেটেখাওয়া অনেক মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। সরকারকে অবিলম্বে গ্যাসের এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। জনদুর্ভোগ কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ভর্তুকি বাড়াতে হবে।