প্রেমিকার সঙ্গে অভিমান করে প্রথম বর্ষের এক কলেজ শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন গোয়ালবর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান জানান, সৌরভ দপ্তরী নামের ওই তরুণ পাগলা থানাধীন পাইথল ইউপির গোয়ালবর গ্রামের নজরুল ইসলাম দপ্তরীর ছেলে ও গয়েশপুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈর গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক চলছিল। মহামারীর কারণে কলেজ বন্ধ থাকায় দুই জনের দেখা না হলেও মোবাইলে যোগাযোগ হতো।
সোমবার রাতে মোবাইলে কথা বলার পর অভিমান করে সৌরভ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেধে ফাঁস দেন। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন পাগলা থানায় খবর দেন। পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।