মাদারীপুরে যৌতুকের জন্য শান্তা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বাশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শহরের মাছ বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে নিহতের পরিবার।
জানা যায়, মাদারীপুর সদর মধ্য পাঁচখোলা এলাকার ইলিয়াস হাওলাদারের মেয়ে শান্তা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী জাজিরা গ্রামের রিপন সরদারের ছেলে নাঈম সরদারের দুই বছর প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে চার মাস আগে দুই লাখ টাকা যৌতুক দিয়ে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় আরও যৌতুকের দাবি করেন আসছেন নাঈম। কয়েকবার মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তাকে। কিন্তু স্বামী প্রায়ই শান্তাকে মারধর করতেন। এদিকে বৃহস্পতিবার রাতে শান্তার শ্বশুর রিপন সরদারকে বিদেশে পাঠানোর কথা বলে স্বামী নাঈম সরদার আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী ও তার পরিবারের লোকজন মিলে শ্বাসরোধে শান্তা আক্তারকে হত্যা করেন। পরে শান্তাকে মাদারীপুর সদর হাসপাতালে রেখে পালানোর সময় পুলিশ স্বামী নাঈমকে আটক করে।
থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে।