ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইন্দ্রজিৎ কুণ্ডু (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার কাদিরদী বাজারের প্রবেশমুখে গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইন্দ্রজিৎ কুণ্ডু ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের রতন কুণ্ডুর ছেলে। ইন্দ্রজিৎ বোয়ালমারী জর্জ একাডেমি থেকে এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, ইন্দ্রজিৎসহ তিন বন্ধু বোয়ালমারী থেকে মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিলেন। কাদিরদী নামক স্থানে পৌঁছালে অপেক্ষমাণ একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী ইন্দ্রজিৎ নিহত হন। অপর দুই মোটরসাইকেল আরোহী উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের দুই ছাত্র জিৎ ও সিয়াম আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি নুরুল আলম বলেন, কিছু সময় আগে দুর্ঘটনার খবর পেয়েছি।, খোঁজ নিচ্ছি। বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।