ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের ডিস্ট্রিবিউটরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের হাওড়ের ব্রিজ নামক স্থানে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ব্যক্তির নাম কামরুজ্জামান মিন্টু শেখ। তিনি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা ও বিকাশ এজেন্ট জ্যামসন ইন্টারন্যাশনালের ডিস্ট্রিবিউটর।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুজ্জামান রবিবার দুপুর ১টা ২০ মিনিটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোয়ালমারী শাখা থেকে ১২ লাখ টাকা তোলেন। এরপর আলফাডাঙ্গায় দুই বিকাশ ব্যবসায়ীকে এক লাখ টাকা দেন। বাকি টাকা নিয়ে গোপালপুর বাজারে যাচ্ছিলেন। হাওড়ের ব্রিজ এলাকার ফাঁকা সড়কে দুটি মোটরসাইকেলে চারজন তরুণ তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ খাদে পড়ে যান। এরপর ওই চার তরুণ তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে সড়কের পাশে ছিনতাই হওয়া ব্যাগ ও শীতের পোশাক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে চারদিকে ফোর্স লাগানো হয়েছে।