কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক কিশোর।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ৩টার দিকে জেলার মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল আহম্মেদ (১৮)। আহত নাঈম (১৬) জেলার দৗলতপুর উপজেলার গাছেরদাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃষ্টিতে ফুটবল খেলতে নামেন বিভিন্ন বয়সী মানুষ। বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাত হলে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাঈম হোসেন আহত হন। এ সময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুবাইয়া ফারজানা জানান, বজ্রপাতে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ও তরিকুল এবং নাঈমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে নেয়ার আগেই তরিকুলের মৃত্যু হয়। এ সময় শাকিলকে অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার্ড করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই শাকিলের মৃত্যু হয়।