ফেনীর ফুলগাজীতে অটোচালক মুলকত আহম্মদ কালা মিয়া হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। এ মামলায় ১৬ জনকে বেকসুর খালাস দেয় আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হুমায়ুন হাছান রাকীব, আব্দুর রহমান মানিক ও আবু তৈয়ব বাবলু। যাবজ্জীবন দণ্ডিতের নাম সুমন চন্দ্র রায়। তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানিয়েছেন আদালতের পিপি হাফেজ আহম্মদ।
তিনি জানান, ২০১০ সালের ১৮ নভেম্বর সন্ধ্যায় পরশুরাম থেকে অটোরিকশা চালিয়ে মুন্সিরহাটের উদ্দেশ্যে রওনা হন কালা মিয়া। রাত ১২টা পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে রাত ৩টার দিকে জগতপুর রোডের টুক্কু মিয়ার পুলের পশ্চিম পাশের খালে কালা মিয়ার লাশ পান তারা।
এ ঘটনায় ফুলগাজী থানায় হত্যা মামলা করেন নিহতের বড় ভাই ফখরুল আহম্মদ মজুমদার। পরে ২০১১ সালের ২৮ মে আদালতে ২০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ওসি সৈয়দুল মোস্তফা। ২০১২ সালের ২৫ জুলাই বিচার কাজ শুরু করে আদালত।