প্রায় তিন মাস পর ফের ভারতে বাড়নো হয়েছে জ্বালানির দাম। এতে পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ১০৫.৫১ টাকা। অন্য দিকে লিটার প্রতি ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হচ্ছে ৯০.৬২ টাকা। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়ে দাঁড়াল ৯৭৬ টাকা।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলে বিশ্ব বাজারে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি ১৩৯ ডলারে উঠে যায়। আকাশছোঁয়া অশোধিত তেল বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ হিসেবে ভারতকে উদ্বেগে রেখেছিল। বিশেষেজ্ঞদের ধারণা ছিল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই জ্বালানির দাম বাড়ানোর পথে হাঁটবে কেন্দ্র। কিন্তু গত ১০ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর ভারতের বাজারেও পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি ছিল স্রেফ সময়ের অপেক্ষা। অবশেষে সেই পথেই হাঁটল কেন্দ্র।
শিল্পক্ষেত্রে ডিজেলের দাম এক ধাক্কায় লিটারে ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু পেট্রল পাম্পে ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। রোববার রাজধানী দিল্লিতে পেট্রল পাম্পে এক লিটার ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা। তবে শিল্পক্ষেত্রে এক লিটার ডিজেলের দাম ১১৫ টাকা। মুম্বইয়ে এই দাম হয়েছে ১২২ টাকা ৫ পয়সা।
সূত্র: এনডিটিভি