বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ভ্যানচালক তৈয়ব আলীকে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায় তারা। হত্যার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. রকিবুল হাসান (৩৯)।
রোববার (৪ জুন) এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, শনিবার (৩ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায় ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যে ভ্যান চালক তৈয়ব আলীকে কুপিয়ে হত্যায় জড়িত মো. রকিবুল হাসানকে (৩৯) গ্রেফতার করা হয়। আসামি এবং তার অন্যান্য সহযোগীরা যোগসাজসে ভ্যান চালক তৈয়ব আলীকে কুপিয়ে হত্যা করে একটি রাস্তার পাশে ফেলে রাখে। হত্যার পর তারা তৈয়ব আলীর ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, হত্যার ঘটনায় তৈয়ব আলীর ছেলে বাদী হয়ে বগুড়া জেলার আদমদীঘি থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি হত্যা মামলা রুজু করে। মামলার তদন্ত কার্যক্রম শেষে ওই মামলায় রকিবুলকে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। মামলা রুজুর পর থেকে রকিবুল রাজধানীতে পলাতক জীবন যাপন করতে শুরু করে। পলাতক থাকা অবস্থায় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে র্যাব গ্রেফতার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।