বগুড়ার আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় ওমর আলী মন্ডল (২৮) নামের এক দোকানির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। উপজেলার সুদিন রেল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী জেসমিন আক্তার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত ওমর আলী উপজেলার কুসুম্বী গ্রামের জামাল মন্ডলের ছেলে। ওমর আলীর কুসুম্বী বাজারে মোবাইল রিচার্জের (ফ্লেক্সিলোড) দোকান রয়েছে। তিনি মঙ্গলবার রাত ৮টায় দোকান বন্ধ করার পর আর বাড়িতে ফেরেননি। পরের দিন বুধবার সকালে উপজেলার সুদিন রেল সেতু এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গত দুই বছর আগে ওমর আলী ব্রেইন স্ট্রোক করার পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, মঙ্গলবার রাতে কোনো এক ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ওই ব্যবসায়ী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার ও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।