জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে তার এলাকা বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নামকরণের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান। এর ফলে গাবতলীর ওই দুটি প্রতিষ্ঠানের নতুন নামকরণের সিদ্ধান্ত বহাল থাকল।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। পরে তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্কুল দুটির যে নাম এসেছিল, সে নামেই থাকছে।
বিএনপির শাসনামলে জিয়াউর রহমানের নামে ১৯৯৬ সালে ‘গাবতলী শহীদ জিয়া হাই স্কুল’ এবং ২০০১ সালে ‘শহীদ জিয়াউর রহমান গার্লস হাই স্কুল’ প্রতিষ্ঠা করা হয়। গত বছর এমপিও অনুমোদন করার সময় স্কুল দুটিসহ ৪৮০ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মেয়েদের বিদ্যালয়টির নাম করা হয় ‘সুখানপুকুর বন্দর গার্লস হাই স্কুল’ আর ছেলেদের শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম দেওয়া হয় ‘গাবতলী পূর্বপাড়া হাই স্টু্কল’।
বিষয়টি চ্যালেঞ্জ করে স্কুল দুটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আমিনুল হক ও মোর্শেদ লিটন হাইকোর্টে দুটি রিট আবেদন করেন। পরে গত ২৮ ডিসেম্বর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ।